কেটে নেয়া সরকারি ৯টি আকাশমনি গাছ উদ্ধার

Printed Edition

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ রেলওয়ে স্টেশনসংলগ্ন সড়কের পাশ থেকে কেটে নেয়া ৯টি আকাশমনি গাছের অংশ উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা গাছগুলো কেটে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কাটা গাছের অংশ উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতের সুযোগ নিয়ে সড়কের পাশের সৌন্দর্যবর্ধনকারী গাছগুলো কেটে নেয়া হয়। পরে খবর পাওয়া যায়, গাছের অংশ কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামে দু’টি বাড়িতে রাখা হয়েছে। বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে মহসিন মিয়া ও মহিউদ্দিনের বাড়ি থেকে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ টুকরা কাঠ উদ্ধার করেন। উদ্ধার করা কাঠ বন বিভাগের কার্যালয়ে নেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বনাঞ্চলের গাছ চুরি নতুন নয়। কিন্তু এবার জনসম্মুখের সড়কের পাশের গাছ কেটে নেয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।