জার্মানির রাজনীতিতে ইতিহাস গড়ার পথে ডানপন্থী এএফডি

Printed Edition

বিবিসি

জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের আসন্ন সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকা কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফ্যুর ডয়েচল্যান্ড’ (এএফডি) রাজ্যে সরকার গঠনের লক্ষ্যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশাবাদ ব্যক্ত করেছে। এ নির্বাচনে জয়লাভ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানির ইতিহাসে এ প্রথম কোনো কট্টর ডানপন্থী দল এককভাবে রাজ্য সরকারের ক্ষমতায় অধিষ্ঠিত হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী শীর্ষ প্রার্থী উলরিখ সিগমুন্ডের নেতৃত্বে এএফডি নীতিমালায় ব্যাপক পরিবর্তনের অঙ্গীকার করেছে। তাদের নির্বাচনী ইশতেহারে স্কুলগুলোতে এলজিবিটি পতাকা প্রদর্শন নিষিদ্ধকরণ, নাৎসি অপরাধের পরিবর্তে জার্মান ইতিহাসের ইতিবাচক দিক পাঠদানে অন্তর্ভুক্তকরণ এবং অনিয়মিত ও ভিন্ন সংস্কৃতির অভিবাসীদের দ্রুত আটক করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তাব দেয়া হয়েছে। সিগমুন্ড স্পষ্ট করে জানিয়েছেন, মূলধারার দলগুলো জোট না করলেও তারা এককভাবে সরকার পরিচালনা করবেন এবং প্রয়োজনে তাদের ওপর নজরদারির দায়িত্বে থাকা অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাকেই বিলুপ্ত করে দেবেন। উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা ও অনিয়ন্ত্রিত অভিবাসন সঙ্কটে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে সিডিইউ’র রক্ষণশীল চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ চরম রাজনৈতিক চাপে রয়েছেন।