নিজস্ব প্রতিবেদক
চিকিৎসাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করা এবং চিকিৎসাসেবার নামে বিদেশে অর্থপাচার বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দেশের বর্তমান চিকিৎসাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষ সঠিক সেবা পান না এবং অর্থের অভাবে বেসরকারি হাসপাতালেও তাদের চিকিৎসা সম্ভব হয় না। এই সঙ্কট থেকে সাধারণ মানুষকে মুক্ত করা জরুরি।
শুক্রবার রাজধানীর মিরপুর-২ নম্বরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে মিরপুর ও পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, সুযোগ পেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালগুলোর মান উন্নয়ন, আধুনিক সরঞ্জাম নিশ্চিতকরণ এবং স্বল্প খরচে দ্রুত অস্ত্রোপচারসহ জরুরি সেবা প্রদানের ব্যবস্থা নেয়া হবে। দেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তুলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার নির্ভরতা কমিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ঢাকা নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য গড়ে তুলতে নাগরিকদের নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং ঢাকা সিটির নেতৃত্বে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



