নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতায় দেশের শিল্প-সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হয়েছে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, একসময় দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ ছিল। তরুণ প্রজন্মের মধ্যে সংস্কৃতিচর্চা বাড়াতে পারলে দেশ ও সমাজ ইতিবাচক পথে এগিয়ে যাবে। গণতন্ত্রকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।



