ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব পাওতা গ্রামে সুন্নতে খতনা করাতে গিয়ে ভুয়া ডাক্তারের অপচিকিৎসায় কাওছার হোসেন (৭) নামে এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কাওছার হোসেন পূর্ব পাওতা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় পাওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী ফোরকান হোসেন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে শিশুটির সুন্নতে খতনা করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি সকালে কাওছারকে সুন্নতে খতনার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন তার বাবা-মা। পথে বাইপাস মোড়ে ‘ডা: ফোরকান হোসেন’ নামের একটি সাইনবোর্ড দেখে তারা তার সাথে যোগাযোগ করেন। পরে ওই দিন বিকেলে স্থানীয় আখড়পাড়া বাজারে একটি ফার্মেসিতে শিশুটির খতনা করা হয়।
অভিযোগ রয়েছে, খতনার পরদিন থেকেই কাওছারের তীব্র ব্যথা ও প্রস্রাব বন্ধ হয়ে যায়। পরে অভিযুক্ত ব্যক্তির কাছে যোগাযোগ করলে তিনি কিছু ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ১ মার্চ শিশুটিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়।
শেষ পর্যন্ত তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বর্তমানে সেপটিসেমিয়া ও অন্যান্য জটিলতায় সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির বাবা একজন দিনমজুর। তিনি বলেন, ‘ডাক্তার পরিচয় দিয়ে আমার সরলতার সুযোগ নেয়া হয়েছে। আমি এর বিচার চাই।’



