ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু নতুন ভর্তি ১৪৯২

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত বুধবার সকাল ৮টার পর থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৯২ জন ডেঙ্গু আক্রান্ত। মৃতদের মধ্যে চারজন পুরুষ, তাদের বয়স ২১ থেকে ৬৫ বছর পর্যন্ত। তাদের মধ্যে খুলনা বিভাগের হাসপাতালে দু’জন, ঢাকা সিটি করপোরেশন এলাকার বাইরের ঢাকা বিভাগের অবশিষ্ট অঞ্চলে একজন এবং খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মৃত্যু হয়েছে। এরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে মোট ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত মারা গেছেন এবং একই সময়ে সারা দেশে ৪৮ হাজার ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে ৪৪ হাজার ৮৫৭ জন রোগী সুস্থ হয়ে অথবা তাদের নিজের ইচ্ছায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকিরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৫৬৯ জন। ঢাকায় সারা দেশের মানুষ চিকিৎসা নিতে আসে বলে এখানে রোগীর সংখ্যা ঢাকার বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়, অন্য দিকে ঢাকা শহরের হাসপাতালগুলোতে মৃত্যুর সংখ্যাও বেশি। এ পর্যন্ত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৭১ জনই ঢাকার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যু হয়েছে।

গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা সিটি করপোরেশনের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৩২ জন।

গতকাল ঢাকার বাইরে খুলনা বিভাগে ২৮৪ জন ভর্তি হয়েছিল। এ ছাড়া বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন। অন্য দিকে রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরের হাসপাতালে গতকাল ভর্তি হয়েছে ৩২৭ জন।

সারা দেশে ডেঙ্গুতে যে ১৩৯ জনের মৃত্যু হয়েছে সেখানে সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে। অপর দিকে খুলনা বিভাগে মারা গেছে ২৫ জন, বরিশাল বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে বিভাগে ৯ জন, রাজশাহীতে ৬ জন, রংপুর ও সিলেট বিভাগে একজন করে দু’জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে মাসের প্রথম ১০ দিনেই আক্রান্ত ৩৪৪ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৬৩ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনেই আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। আর আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৭৫৬ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

চলতি বছর এ পর্যন্ত আক্রান্ত এক হাজার ৬৬৩ জনের মধ্যে এক হাজার ৫২১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল (খানপুর), নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁয়ের হাসপাতালগুলোতে রোগী ভর্তি হয়েছেন।

এ দিকে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে জানা গেছে, ওষুধ ও স্যালাইনের সরবরাহ বর্তমানে ভালো রয়েছে। চিকিৎসকদের পাশাপাশি নার্সদের সেবা ও ব্যবহারে সন্তুষ্টির কথাও জানিয়েছেন বেশ কয়েকজন রোগী।

তবে ছোটখাটো পরীা-নিরীার জন্য রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। রোগীদের জন্য মশারির ব্যবস্থা থাকলেও নিয়মিত বেডশিট পরিবর্তন করা হয় না বলেও অভিযোগ করেছেন কয়েকজন রোগী।

সাতীরায় নতুন আক্রান্ত ৭০

সাতীরা প্রতিনিধি জানান, সাতীরায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গুর প্রকোপ। গত চার দিনে নতুন করে জেলায় ৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সাতীরায় মোট ২৯৪ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৪১ জন রোগী। এ সময় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে সাতজন রোগীকে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৬ জন। তবে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদরের হাসপাতালভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন সাতীরা সদর হাসপাতালে সাতজন। এ ছাড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং দেবহাটা ও কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন করে রোগী ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত সর্বাধিক ১৪৯ জন রোগী ভর্তি হয়েছেন সাতীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ছাড়া সদর হাসপাতালে ৪০ জন এবং তালায় ২৯ এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় ১২ জন এবং কলারোয়া ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন করে রোগী ভর্তি হয়েছেন।

সিলেটে আরো ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেট ব্যুরো জানায়, সিলেটে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১ জনে। একই সময়ে নতুন করে কোনো মত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন দু’জন। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দু’জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে দু’জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে তিনজন শনাক্ত হয়েছেন।