খানসামায় পোলট্রি খামারে আগুন, মারা গেছে হাজার মুরগি

Printed Edition

খানসামা (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গ্রামে অবস্থিত মীম পোলট্রি খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। মনজুরুল ইসলামের মালিকানাধীন মীম পোলট্রি খামারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন খামারের মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খামারে দায়িত্বরতদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে খামারের বড় একটি অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খামারের মালিক মনজুরুল ইসলাম বলেন, খামারের ভেতরে থাকা প্রায় এক হাজার মুরগি পুড়ে মারা যায়। এ ছাড়া খামারের অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত থেকে আট লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে। ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি দুঃখজনক।