ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠান গতকাল বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান ড. মো: মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি সম্মানিত অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার ও ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ী আরানি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান স্বাগত বক্তব্য দেন। নবীনদের পক্ষে মো: মুশফিকুর রহমান ও আতিকা রহমান এবং বিদায়ীদের পক্ষে মুসাররাত তাইয়েবা মুসকান ও পলাশ মাহমুদ অনুভূতি ব্যক্ত করেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক তানজিনা বিনতে নূর অনুষ্ঠান সঞ্চালন করেন। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি বলেন, ফারসি ভাষা ইসলামী সভ্যতা, ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ বাহন। এ ভাষার মাধ্যমে প্রাচীন ইতিহাস, সাহিত্য ও ঐতিহ্য সম্পর্কে জানা যায়। দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ঐতিহ্যের সাথেও ফারসি ভাষার গভীর সম্পর্ক রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশে প্রথম সম্পূর্ণ ফারসি ভাষায় রচিত লিটল ম্যাগাজিন রোজনামচের ‘ভ্রমণবিষয়ক সংখ্যা’ (দ্বিতীয় সংখ্যা)-এর মোড়ক উন্মোচন করা হয়। ৬১টি বিষয়ের চমকপ্রদ এই ম্যাগাজিনের অধিকাংশ লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বর্তমান শিক্ষার্থী। বিজ্ঞপ্তি।