সিলেট ব্যুরো
সিলেট বিভাগে নতুন করে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া আট মাসের শিশু সাফওয়ান সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে। আর দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৫৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬২ জন।
গতকাল এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৫১ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ৯২ জন শিশু। এরমধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিরা উপসর্গে মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ ৪২ জন সুনামগঞ্জ জেলার, এরপর ৩২ জন সিলেটের, মৌলভীবাজারের ১১ ও হবিগঞ্জের আটজন রয়েছেন।



