মালয়েশিয়ায় কলিং ভিসায় বাংলাদেশী কর্মী নিয়োগে বহুল সমালোচিত ও বিতর্কিত ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিউসিএমএস)-এর পরিবর্তে প্রস্তাবিত একটি নতুন ‘তুরাপ’ প্রকল্প সরকার শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে। শনিবার দেশটির জাতীয় গণমাধ্যমে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচ্যসূচি থেকে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্স প্ল্যাটফর্ম বা তুরাপের প্রস্তাবটি বাদ দেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশে বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক ব্যবসায়ী আমিনুল ইসলাম আবদুল নুরের প্রতিষ্ঠিত বেস্টিনেট অস্বচ্ছ ব্যবসায়িক পদ্ধতির মাধ্যমে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের শোষণের অভিযোগে অভিযুক্ত।
এ দিকে বেস্টিনেট ও আমিনুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করেছেন। যদিও অর্থপাচার ও অভিবাসী শ্রমিক পাচারের অভিযোগে ঢাকা তাকে খুঁজছে। ২০১৮ সাল থেকে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক নিয়োগের জন্য এফডব্লিউসিএমএস ব্যবহৃত হয়ে আসছে।
বেস্টিনেট দাবি করেছে, এফডব্লিউসিএমএস ব্যবহারে সরকারের কোনো খরচ হয় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, যতদিন বেস্টিনেটের মাধ্যমে অভিবাসী শ্রমিক নিয়োগের অস্বচ্ছ কার্যকলাপ চলতে থাকবে, ততদিন মালয়েশিয়ার সুনাম ঝুঁকির মধ্যে থাকবে।



