হজরত মুহাম্মদ সা: এর জন্ম ও ইন্তেকালের মাস রবিউল আউয়াল উপলক্ষে রাজধানীতে শুরু হচ্ছে মাসব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার যেকোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ যেকোনো বয়সী নাগরিক এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগীদের নিবন্ধন শুরু হবে ১ জুন। বিজয়ীদের জন্য থাকছে পবিত্র ওমরাহ হজ পালন, ল্যাপটপ ও নগদ টাকাসহ বিভিন্ন পুরস্কার।
‘নাগরিক উন্নয়ন ফোরামের’ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে গার্ডিয়ান ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন।
শনিবার হুফফাজুল কুরআন বাংলাদেশের চেয়ারম্যান শাইখ হাফেজ আব্দুল হকের সভাপতিত্বে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় আরো ছিলেন- আয়োজক ও প্রধান পৃষ্টপোষক নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মাদ সেলিম উদ্দিন, হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রধান নির্বাহী ও উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়া ও আয়োজনের পরিচালক খালিদ সাইফুল্লাহ বকসী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাছাইকৃত তিন হাজার প্রতিযোগী থানা পর্যায়ে অংশ নেবে। সেখান থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২৬টি থানা এলাকার প্রত্যেকটি থেকে ৯ জন করে মোট ২৩৪ জন বিজয়ী হবে। তাদের মধ্যে প্রতিযোগিতায় ৩০ জন চূড়ান্ত পর্বে বিজয়ী হবে। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের যেকোনো বয়সী বাসিন্দা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
থানা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার হিসেবে মোট চার লাখ ৬৮ হাজার নগদ টাকা দেয়া হবে। চূড়ান্ত পর্বে বিজয়ীদের মধ্যে ৩০ পারা গ্রুপে প্রথম পুরস্কার পবিত্র ওমরা হজ পালন, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ ও নগদ ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার নগদ ৫০ হাজার টাকা; ২০ পারা প্রুপে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় ল্যাপটপ ও ৩০ হাজার টাকা, তৃতীয় ৪০ হাজার টাকা; ১০ পারা গ্রুপে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় ল্যাপটপ ও ১৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা দেয়া হবে।
এ ছাড়া তিন গ্রুপে সাতজন করে ২১ জনের জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে বাইসাইকেল। সবচেয়ে আকর্ষণ হলো সেরা ৯ জনের প্রতিষ্ঠান ও শিক্ষক পাবে বিশেষ পুরস্কার ৯টি ফ্রিজ সহ সম্মাননা।
নিবন্ধনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এবং সরাসরি অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া মোবাইল ফোনে ০১৯৯৯ ৭৭ ৪২ ৪২ নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।



