হাম ও উপসর্গে মৃত্যু ৮২৫ জনে পৌঁছেছে

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন ঢাকা এবং একজন করে সিলেট ও রংপুর বিভাগে গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০৫ জন। এর মধ্যে ৯৯২ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪০৫ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার শিশু।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৮২৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩০ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ২৪ হাজার ৭৪৫ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৫ হাজার ৫৫৫ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৪০ হাজার ৩০০ শিশু। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬ হাজার ২৩৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ তিন হাজার ৪৬৭ জন।

সিলেটে আরেক শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো : সিলেট বিভাগে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাসের মারা যাওয়া শিশু রায়ান সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভাগে মোট ল্যাব কনফার্ম হাম রোগীর সংখ্যা ৬০৪ জন।