ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে পেডরোলা গ্রুপের মালিকানাধীন হালদা ভ্যালি চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ এবং কৃষিজমি দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। গত সোমবার সকালে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের আনন্দপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক দশক ধরে শতাধিক ভূমিহীন পরিবার ওই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। অথচ হালদা ভ্যালি চা-বাগান কর্তৃপক্ষ লিজের অজুহাতে এখন তাদের উচ্ছেদের পাঁয়তারা করছে। ইতোমধ্যে বেশ কিছু পরিবারকে জোরপূর্বক উচ্ছেদও করা হয়েছে। স্থায়ী পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখলে শত শত মানুষ চরম মানবিক সঙ্কটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে এক হাজার ৩৪ একর জমি লিজ নিলেও বর্তমানে ক্ষমতার অপব্যবহার করে প্রায় আড়াই হাজার একর জমি অবৈধভাবে দখলে রেখেছে। শুধু তাই নয়, স্থানীয় সাধারণ মানুষের কৃষিজমি দখল করে চা-বাগান সম্প্রসারণ করা হচ্ছে। এমনকি সরকারি অর্থায়নে নির্মিত গ্রামীণ সড়কে অবৈধভাবে গেট ও দারোয়ান বসিয়ে সাধারণ মানুষ এবং প্রশাসনের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা উচ্ছেদ চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন। একই সাথে তারা ভূমির প্রকৃত অবস্থা যাচাইয়ে নিরপেক্ষ জরিপ পরিচালনা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং এই অনিয়মের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। কর্মসূচিতে সমাজপতি রুহুল আমিন সর্দার, মোহাম্মদ কামাল, সলিমুল্লাহ, রাকিব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিপেশার ভুক্তভোগী মানুষ অংশ নেন।
এ সব অভিযোগের বিষয়ে জানতে হালদা ভ্যালি চা-বাগানের ব্যবস্থাপক এম এ কাসেমের সাথে যোগাযোগ করা হলে, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য বা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।



