রাজপথে মৃত্যুর হানা

মাগুরায় ২ মোটরসাইকেল আরোহী ও শরীয়তপুরে বৃদ্ধ নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় মাগুরায় মোটরসাইকেল আরোহী দুই জন এবং শরিয়তপুরে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা পৌর এলাকার আবালপুর স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে মুফতি গোলাম রাব্বী নাইম (৪০), একই উপজেলার পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলাম এর পুত্র রিপন হোসেন (৪৫)। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পৌরসভার ১ নং ওয়ার্ডের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেঙ্গবেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে মুফতি গোলাম রাব্বী নাইম (৪০), একই উপজেলার পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের পুত্র রিপন হোসেন (৪৫) ও তার স্ত্রী বৃষ্টি আক্তার (২৫) গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুফতি গোলাম রাব্বি নাইম ও রিপন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত বৃষ্টি আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও নড়িয়া থানাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিহত হযরত আলী ছৈয়াল। এ সময় শরীয়তপুর থেকে নড়িয়াগামী একটি অ্যাম্বুলেন্স তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা নড়িয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার উপপরিদর্শক জসিম উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে হযরত আলীকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অ্যাম্বুলেন্সটি দ্রুত স্থান ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।