জামায়াত ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে : অধ্যক্ষ নুরুল আমিন

Printed Edition

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং ফটিকছড়ি আসনের দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, আগামীর বাংলাদেশে ধর্মীয় কোনো বৈষম্য থাকবে না। এ দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর ভেদাভেদ থাকবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিম- সবাই ভাই-ভাই হিসেবে একই দেশে সম্প্রীতির সাথে বসবাস করবে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করা হবে। ফটিকছড়ি থেকে অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, নির্বাচনে ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা হলেই কেবল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।

গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।