বহরপুরে পাটের গুদামসহ ১০ দোকান ভস্মীভূত

Printed Edition

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি পাটের গুদাম, একটি তেলের মিলসহ প্রায় ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় এক হাজার মণ পাট, সরিষা ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

গতকাল সোমবার রাত ৩টার দিকে বাজারের বাসস্ট্যান্ডসংলগ্ন আবদুল জলিল মোল্লার তেলের মিলে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে জলিল মোল্লার তেলের মিল, তার ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লার পাটের গুদাম, মিল্টন মোল্লার পাটের ঘর, কংগ্রেস বিশ্বাসের মুদি দোকান এবং সুমনের ওষুধের দোকানসহ প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে বালিয়াকান্দি, পাংশা ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। ব্যবসায়ীরা জানান, প্রায় পাঁচ মাস আগেও একই বাজারে অগ্নিকাণ্ডে পাটসহ বিপুল মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছিল।