সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, সাতক্ষীরা একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদকের প্রবণতা একটু বেশি। মাদক নিয়ন্ত্রণে এখানে জিরো টলারেন্স দেখানো হবে। মাদকের সাথে কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। কেউ মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনতে হবে।
গতকাল সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান বলেন, অনলাইন জুয়ার বিষয়ে পুলিশ আরো সক্রিয় হবে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন অনলাইন পেজের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে মাদক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করতে জেলায় কর্মরত সাংবাদিকসহ সবার প্রতি আহ্বান জানান।
জেলা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলমের সভাপতিত্বে সাতক্ষীরায় মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা: জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জল, এম জিল্লুর রহমান, গোলাম সারোয়ার, আব্দুল আলিম প্রমুখ।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরলে সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা।



