নারী এমপিদের বিরোধী দলের আসনে দায়িত্ব প্রদানে সংসদে ক্ষোভ

নির্দিষ্ট আসন নয়, সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Printed Edition

সংসদ প্রতিবেদক

সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের আসনে ‘অতিরিক্ত দায়িত্ব’ প্রদানে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। বিরোধী দলের এই সংসদ সদস্যের তোলা প্রশ্নের জবাবে সরকারের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দায়িত্ব কোনো নির্দিষ্ট সংসদীয় আসনে সীমাবদ্ধ নয়। সংবিধান অনুযায়ী তাদের কার্যপরিধি পুরো বাংলাদেশ। ফলে তাদের জন্য কোনো নির্দিষ্ট এলাকা বা ‘অতিরিক্ত দায়িত্ব’ নির্ধারণের সাংবিধানিক ভিত্তি নেই।

গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি বলেন, সরকারি দলের একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সম্প্রতি সংসদে বক্তব্য দিতে গিয়ে দু’টি সংসদীয় আসনকে নিজের ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেছেন। পরে ওই এলাকায় গিয়ে এমন প্রচার চালানো হচ্ছে যে, নির্বাচিত সংসদ সদস্য নন বরং সংরক্ষিত আসনের এমপিই সেখানে সব ধরনের কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি দাবি করেন, একই বিষয়ে সরকারের একজন প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। ‘অতিরিক্ত দায়িত্ব’ দেয়ার সাংবিধানিক ভিত্তি কী, এর পরিধি কতটুকু এবং কেন শুধু বিরোধী দলের নির্বাচিত আসনগুলোতেই এমন দায়িত্ব দেয়া হচ্ছে- এসব প্রশ্ন তুলে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এর মাধ্যমে দেশে ভিন্ন ধরনের একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা চলছে কি না। এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ও সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি কারিগরি অর্থে পয়েন্ট অব অর্ডার না হলেও জনমনে বিভ্রান্তি দূর করতে এর ব্যাখ্যা দেয়া প্রয়োজন। সংবিধানের ৬৫ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জাতীয় সংসদ ৩০০টি সাধারণ আসনের সদস্য এবং অতিরিক্ত ৫০ জন সংরক্ষিত নারী সদস্য নিয়ে গঠিত। সাধারণ আসনের ক্ষেত্রে ডিলিমিটেশন আইন অনুযায়ী নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকে। কিন্তু সংরক্ষিত নারী আসনের সদস্যদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা নির্বাচনী এলাকা নেই। মন্ত্রী বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকা হচ্ছে সমগ্র বাংলাদেশ। তাই তাদের কোনো নির্দিষ্ট আসনের দায়িত্বপ্রাপ্ত হিসেবে উপস্থাপন করা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি আরো বলেন, কোনো সংরক্ষিত নারী সদস্য যদি নিজেকে কোনো নির্দিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত হিসেবে পরিচয় দেন, সেটি সঠিক হবে না। তারা পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন ও বিধি অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা অন্যান্য সংসদ সদস্যের মতো বিভিন্ন মন্ত্রণালয় থেকে সরকারি বরাদ্দ পান এবং সেই বরাদ্দ দেশের যেকোনো স্থানে উপ-বরাদ্দ দিতে পারেন। বাংলাদেশের যেকোনো এলাকায় তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তিনি বলেন, সংবিধান বা প্রচলিত আইনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য কোনো নির্দিষ্ট এলাকা বা বিশেষ দায়িত্ব নির্ধারণের বিধান নেই। ফলে কোনো নির্দিষ্ট সংসদীয় আসনের দায়িত্ব তাদের ওপর অর্পণ করা হয়েছে-এমন ধারণারও কোনো সাংবিধানিক ভিত্তি নেই।