আজ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মারা যাওয়া স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তার এই প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন।

গতকাল বুধবার দুপুরে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, চার দিনের জন্য আবেদন করা হলেও কারা আইন ও কারাবিধি অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট দিনের আলোতে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন, যা ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে প্রায় দুই বছর ধরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন সাবেক এই মন্ত্রী। তার স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভোগছিলেন।

কারা সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর পুলিশ পাহারায় দীপু মনিকে নিয়ে যাওয়া হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে স্বামীর লাশ শেষবারের মতো দেখবেন তিনি। এরপর গুলশানের আজাদ মসজিদে বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে মরহুম তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন করা হবে।