পদ্মা নদীতে হামলায় ওসিসহ ৫ পুলিশ গুলিবিদ্ধ

Printed Edition

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে নিয়মিত টহল চলাকালে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা সবাই ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীকুণ্ডা নৌ ফাঁড়ির একটি দল মঙ্গলবার রাতে পদ্মা নদীতে নিয়মিত টহল ডিউটি করছিল। টহল দলটি কুষ্টিয়ার হরিপুর সীমানায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্রসন্ত্রাসী তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে সন্ত্রাসীদের গুলিতে নৌ ফাঁড়ির ইনচার্জসহ পাঁচ পুলিশ সদস্য গুরুতর জখম হন।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন- লক্ষ্মীকুণ্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলাম এবং পুলিশ সদস্য এনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন। বাকি চারজন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো: মশিউর রহমান জানান, গভীর রাতে টহল ডিউটির সময় সন্ত্রাসীরা হঠাৎ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া ও পাবনার সীমান্তবর্তী নদী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।