উগান্ডার ফুটবল অধিনায়ক নিহত

Printed Edition

ক্রীড়া ডেস্ক

উগান্ডার রাজধানী কাম্পালায় ছিনতাইকারীদের হামলায় নিহত হয়েছেন ডেভিড ওউরি। দেশটির অন্যতম পরিচিত ফুটবলার ও ক্লাব অধিনায়ক ডেভিড ওওরির (২৭) মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসছে দেশটির ক্রীড়াঙ্গন। পুলিশ জানিয়েছে, নিজের মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবানসামগ্রী ছিনিয়ে নেয়ার চেষ্টা প্রতিরোধ করায় হামলার শিকার হন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে কাম্পালার মাকিনদিয়ে এলাকায় নিজ বাড়ির কাছে একদল দুর্বৃত্ত ওউরির ওপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা পেভিং ব্লক দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে এবং পরে তার সাথে থাকা মূল্যবানসামগ্রী লুট করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে গত পরশু তিনি মারা যান। এর কয়েক সপ্তাহ আগেই কাম্পালায় আরেক উগান্ডার ক্রীড়া তারকা, আন্তর্জাতিক রাগবি খেলোয়াড় সিডনি গঙ্গোদিও হামলায় নিহত হন।