কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একটি নতুন বসানো টিউবওয়েল থেকে পানির বদলে গ্যাস বের হচ্ছে। সেখানে দিয়াশলাইয়ের কাঠি ধরলে তা দাউ দাউ করে জ্বলে ওঠছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব ভাগলপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের প্রবাসী মো: সোহেল মিয়ার বাড়িতে সম্প্রতি একটি নতুন টিউবওয়েল স্থাপন করা হয়। কিন্তু স্থাপনের পর টিউবওয়েলটিতে চাপ দিতেই অদ্ভুত শব্দে গ্যাস বের হতে থাকে। কৌতূহলবশত সেখানে আগুন দেয়া হলে মুহূর্তের মধ্যে তা দাউ দাউ করে জ্বলে ওঠে।
বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরপর কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইয়াসিন খন্দকারের তাৎক্ষণিক উদ্যোগে ঘটনাটিকে গুরুত্বের সাথে নেয়া হয়। তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
এরই অংশ হিসেবে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সের একটি বিশেষজ্ঞ দল গত ২৫ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন ও সরেজমিন পর্যবেক্ষণ করেন।
পরীক্ষা-নিরীক্ষার চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ওই টিউবওয়েলের আশপাশে সতর্কতার সাথে চলাফেরা করার এবং আগুন না জ্বালানোর পরামর্শ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইয়াসিন খন্দকার বলেন, বাপেক্সের ল্যাব টেস্টের রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে এটি কোনো অস্থায়ী পকেট গ্যাস নাকি কোনো বড় গ্যাস ক্ষেত্রের অবস্থান। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো রামদী ইউনিয়নজুড়ে বইছে নানা কৌতূহল।



