মসৃণ ক্ষমতা হস্তান্তরে স্টারমার-বার্নহাম বৈঠক

Printed Edition

বিবিসি

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়া কিয়ার স্টারমার তার সম্ভাব্য উত্তরসূরি অ্যান্ডি বার্নহামের সাথে বৈঠক করেছেন। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খল ও মসৃণ রাখার লক্ষ্যে মঙ্গলবার দুই নেতা এই বৈঠকে বসেন। গত সপ্তাহে মেকারফিল্ড উপনির্বাচনে বার্নহামের জয়ের পর এটিই তাদের প্রথম সাক্ষাৎ।

স্টারমার ও বার্নহামের মধ্যে প্রায় এক ঘণ্টা স্থায়ী এই বৈঠকের খবরটি প্রথম প্রকাশ করে ‘দ্য টাইমস’। একই সাথে স্টারমার লেবার পার্টির শীর্ষ পদের সম্ভাব্য প্রার্থীদের সাথে সরকারি কর্মকর্তাদের আনুষ্ঠানিক প্রস্তুতিমূলক আলোচনা শুরুর অনুমোদন দিয়েছেন, যেন তারা পরবর্তী সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন। এখন পর্যন্ত একমাত্র বার্নহামই দলীয় নেতৃত্ব নির্বাচনের দৌড়ে প্রার্থিতা ঘোষণা করেছেন। ১৬ জুলাই মনোনয়ন জমা দেয়ার সময়সীমা শেষ হওয়ার আগে যদি আর কেউ প্রার্থী না হন, তবে আগামী ১৭ জুলাই বার্নহাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন। বার্নহামের এক সহযোগী বিবিসিকে জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হলে বর্তমান অর্থমন্ত্রী র‌্যাচেল রিভসকে মন্ত্রিসভায় একটি জুনিয়র পদ দেয়ার পরিকল্পনা করতে পারেন। তবে বার্নহামের একজন মুখপাত্র বলেছেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। রিভসের পরিবর্তে কে অর্থমন্ত্রীর দায়িত্ব নেবেন তা নিশ্চিত না হলেও সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছেন- এড মিলিব্যান্ড, ওয়েস স্ট্রিটিং, জন হিলি ও ইভেট কুপার।