চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো ও যশোর অফিস

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম জানান, ঝুমঝুমপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পুলিশের একটি টিমের কাছে তাকে তুলে দেয়া হয়। এই অভিযানে যশোর জেলা পুলিশের একটি বিশেষ টিম অংশ নেয়।

এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, ‘ডেভিড ইমন ও রায়হানসহ দুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের সদস্যদের গ্রেফতারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করেছে। যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। নোয়াখালীতে একটি টিম তার অন্যতম সহযোগী রায়হানকে গ্রেফতারে অভিযান করেছে। অল্পের জন্য রায়হান পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকেও গ্রেফতার করা হবে।’

কে এই ডেভিড ইমন ?

চট্টগ্রামের অপরাধজগতে সাম্প্রতিক সময়ে আলোচিত নাম মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’। পুলিশের নথি ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তার নাম উঠে এসেছে।