নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি সতর্ক করে বলেছেন, ইসলামী ব্যাংক নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের সামগ্রিক অর্থনীতি হুমকির মুখে পড়বে। তিনি বলেন, ইসলামী ব্যাংক কেবল একটি গতানুগতিক ধারার ব্যাংক নয়; বরং এর ওপর এ দেশের অর্থনীতির মেরুদণ্ড নির্ভর করছে। দেশের অর্থনীতিতে এই ব্যাংকের অবদান অব্যাহত রাখতে অবিলম্বে প্রকৃত মালিকদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করার দাবি জানান তিনি।
গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামপুর জোনের বাছাইকৃত সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মাসুদ বলেন, পতিত আওয়ামী লীগ সরকার এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে, তা দ্রুত ফিরিয়ে আনতে হবে। একই সাথে ব্যাংকের ভেতরে থাকা এস আলমের দোসরদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তিনি। জনগণের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে সৎ, যোগ্য ও আদর্শিক লোকদের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রযাত্রায় সরকারি দল ও বিরোধী দলকে সমান ভূমিকা রাখতে হয়। জামায়াতে ইসলামী সেই দায়িত্ববোধ থেকেই এগিয়ে যাচ্ছে এবং দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে সরকার যদি দেশ ও জাতির স্বার্থের বিপক্ষে গিয়ে কোনো আধিপত্যবাদী গোষ্ঠীর মদদে চলে, তাহলে সরকারকে সোজা পথে আনতে যা যা করণীয় জামায়াতে ইসলামী তা-ই করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত বরাবরই আপসহীন উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত হত্যা এবং পুশইন বন্ধ করা যাচ্ছে না। এমনকি প্রতিবেশী রাষ্ট্রের সাথে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে বিদ্যমান কোনো সমস্যার সমাধানও সরকার করতে পারছে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের সবসময় নিঃস্বার্থভাবে ভূমিকা রাখতে হয়। জামায়াতের কর্মীরা সেই আদর্শ মেনেই দায়িত্ব পালন করে আসছেন এবং আগামীতেও জাতির প্রয়োজনে এই নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত থাকবে।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক ও কদমতলী মধ্য থানা আমির মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে আরো উপস্থিত ছিলেন মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুফতি মহিউদ্দিন, কদমতলী জোনের সহকারী পরিচালক আব্দুর রহিম জীবন, যাত্রাবাড়ী থানা আমির মাওলানা সাদিক বিল্লাহ। এ ছাড়া জোন টিম সদস্য মো: জাকির হোসেন, কদমতলী দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার মো: হাবিবুর রহমান, শ্যামপুর দক্ষিণ থানা আমির মো: কামরুল আহসান, শ্যামপুর পশ্চিম থানা আমির মো: আসাদুল্লাহ শেখসহ শ্যামপুর জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



