মালয়েশিয়ায় ৮ ইসরাইলি আটক

আশরাফুল মামুন, মালয়েশিয়া
Printed Edition

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত আটজন ইসরাইলি নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে কারো কারো দ্বৈত নাগরিকত্ব থাকলেও অন্যরা কেবল ইসরাইলি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ বা ট্রানজিট নেয়ার চেষ্টা করছিলেন। মালয়েশিয়ার সাথে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও তারা এই রুট ব্যবহার করেন। তবে আটককৃতদের নাম ছবি প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফিলিপাইন যাওয়ার পথে ট্রানজিটে থাকা চার ইসরাইলিকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন নারী যারা কেবল হিব্রু ভাষায় কথা বলতে পারেন। ওই পর্যটকরা জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইন যাওয়ার পথে কুয়ালালামপুরে ট্রানজিট নেয়া নিরাপদ কি না তা তারা একটি ‘চ্যাটবট’-এর কাছে জানতে চেয়েছিলেন এবং চ্যাটবট তাদের অভয় দিয়েছিল। অন্য একটি ঘটনায় কম্বোডিয়া থেকে ফিলিপাইন যাওয়ার পথে মালয়েশিয়ায় দুই ইসরাইলি পুরুষকে দুই দিন আটকে রাখার পর কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়। প্রতিটি ক্ষেত্রেই সিঙ্গাপুরে অবস্থিত ইসরাইলি দূতাবাসের হস্তক্ষেপে তাদের মুক্তি বা ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এই ঘটনার পর ইসরাইলি কূটনীতিক এলিয়াহু ভেরড হাজান নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণে কঠোর সতর্কতা জারি করেছেন।