আনাদোলু
ন্যাটো মিত্র হিসেবে স্পেনের সামরিক ব্যয় ও অর্থনৈতিক অবস্থার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে দেয়া এক পোস্টে শনিবার তিনি এই সমালোচনা করেন। পোস্টটিতে ট্রাম্প প্রশ্ন করেন, ‘স্পেনের অবস্থা কতটা খারাপ তা কেউ খেয়াল করেছে কি?’
তিনি আরো বলেন, ‘ন্যাটো ও নিজেদের সামরিক প্রতিরক্ষায় প্রায় কোনো অবদান না রাখা সত্ত্বেও তাদের আর্থিক পরিসংখ্যানগুলো একেবারে ভয়াবহ।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। কারণ ট্রাম্প প্রশাসন ন্যাটো মিত্রদের তাদের জাতীয় আয়ের ৫ শতাংশ সামরিক খাতে ব্যয় করার জন্য চাপ দিয়ে আসছে। তবে স্পেনের রাজধানী মাদ্রিদ তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের অন্যতম প্রধান সমালোচক হিসেবে স্পেনের আত্মপ্রকাশ এই উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। যৌথ এই মার্কিন-ইসরাইলি অভিযানের প্রতিশোধ হিসেবে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা অন্যান্য আঞ্চলিক দেশের ওপর পাল্টা হামলা চালিয়েছিল তেহরান। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের অস্ত্রবিরতি চুক্তির পর থেকে এই যুদ্ধ স্থগিত রয়েছে। গত সপ্তাহান্তে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং ইসলামাবাদে আরেকটি বৈঠকের প্রচেষ্টা চলমান রয়েছে।



