ওমর ফারুক (মালদ্বীপ)
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। গত রোববার সন্ধ্যায় মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে পৌঁছলে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম তাকে স্বাগত জানান।
এরপর পররাষ্ট্রমন্ত্রী হাইকমিশনের সাম্প্রতিক কার্যক্রমের উপর ভিডিও পরিদর্শনের পাশাপাশি পাসপোর্ট, ভিসা ও লেবার উইং পরিদর্শন করেন এবং হাইকমিশনের বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন। বিশেষ করে চলমান ই-পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম ঘুরে দেখেন।
হাইকমিশন পরিদর্শনকালে পরাষ্ট্রমন্ত্রী সেবাগ্রহীতাদের সাথেও সরাসরি কথা বলেন। এ সময় তিনি মনোযোগ সহকারে তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন। বিশেষ করে মালদ্বীপ থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণের জন্য দেশটিতে বাংলাদেশের যেকোনো একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনসহ ঢাকা-মালে রুটে বাংলাদেশ বিমান চালুর বিষয়ে নিয়ে আলোচনা করেন।
এ সময় মন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের দাবিগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করাসহ মিশনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন যে, সেবাগ্রহীতাদের যাতে সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করা হয় এবং কোনো প্রকার হয়রানির শিকার না করা হয়।
পরে পরাষ্ট্রমন্ত্রী হাইকমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের সমস্যা, কনস্যুলার সেবাকে আরো সহজ ও কার্যকর করা, শ্রমবাজার সম্প্রসারণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। একই সাথে দেশের ভাবমূর্তি আরো উন্নত করতে তাদের অত্যন্ত আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় হাইকমিশনের কর্মকর্তারা মালদ্বীপে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জন্য চলমান কনস্যুলার সেবার বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনকালে পরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার দফতরের পরিচালক জাকির আহমেদ, সহকারী সচিব রাফিদ মাহবুব আহমদ এবং শ্রীলঙ্কা ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমানডো মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ হাউজে যান। সেখানে তার সম্মানে নৈশভোজের আয়োজন করেন হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।
মালদ্বীপের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি খলিলুর রহমান
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশটির সরকারের বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার রাতে দেশটির রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে আয়োজিত এক বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ কুচকাওয়াজে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বিভিন্ন শাখার আনুষ্ঠানিক মার্চপাস্ট ও মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। পরে জমকালো আতশবাজির মধ্য দিয়ে দেশটির স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।



