কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর ইবতেদায়ি মাদরাসা কাম সাইক্লোন শেল্টার নির্মাণ প্রকল্পের কাজ শুরু হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। অর্ধসমাপ্ত অবস্থায় কাজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে, পাশাপাশি দুর্যোগপ্রবণ এলাকার মানুষও নিরাপদ আশ্রয়কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) পিরোজপুরের বাস্তবায়নে দুই কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ পায় বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স রুপালি কনস্ট্রাকশন’। ২০২২ সালের ১ নভেম্বর কাজ শুরু হয়ে ২০২৩ সালের ৩১ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও কিছুদিন পরই অর্ধেকের কম কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্মাণকাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ বিল উত্তোলনের পর ঠিকাদার কাজ ফেলে রেখে চলে যান এবং দীর্ঘ দিন ধরে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না।
এ অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম। তিনি নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দ্রুত কাজ সম্পন্নের উপায় নিয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে কাজী রওনাকুল ইসলাম বলেন, ভবনটি একদিকে শিক্ষাপ্রতিষ্ঠান, অন্যদিকে দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র। তাই শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগের সময় মানুষের নিরাপদ আশ্রয়ের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির বলেন, ঠিকাদারের অবহেলায় গুরুত্বপূর্ণ প্রকল্পটি দীর্ঘ দিন ধরে স্থবির হয়ে আছে। তিনি অনিয়মের তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নতুন উদ্যোগে দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি জানান।
উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, প্রকল্পটির অগ্রগতি বন্ধ থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও এলজিইডির সমন্বয়ে সিদ্ধান্ত হলে অবশিষ্ট কাজ সম্পন্নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পরিদর্শনকালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মোস্তফা রায়হান, উপজেলা বিএনপির নেতারা, রঘুনাথপুর ইবতেদায়ি মাদরাসার পরিচালক হাফেজ মো: সোলায়মানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



