বকশীগঞ্জে দুই শিক্ষার্থী নিখোঁজ ৭ দিনেও মেলেনি সন্ধান

Printed Edition

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর। গত ১৭ জুন থেকে নিখোঁজ রয়েছে বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের আফসানা আক্তার (১৩) ও আশা মনি (১১)। দীর্ঘ সাত দিনেও সন্তানদের কোনো হদিস না পেয়ে চরম উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্কে দিন কাটছে পরিবার দু’টির।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বিকেলে আফসানা ও আশা মনি বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তারা আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় হন্য হয়ে খুঁজেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান বা তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের সাথে যোগাযোগের জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো যোগাযোগ করতে পারি নাই ।

নিখোঁজ আফসানা আক্তার (১৩) গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সে গোপালপুর গ্রামের মো: আল আমিনের মেয়ে।

আশা মনি (১১) স্থানীয় একটি নূরানী মাদরাসার শিক্ষার্থী। সেও একই গ্রামের বাসিন্দা। এই ঘটনায় নিখোঁজ আফসানার বাবা মো: আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়েরের সাত দিন পার হলেও মেয়েদের উদ্ধার করতে না পারায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্বজনদের মাঝে। সন্তানদের দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন নয়া দিগন্ত কে জানান, বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। নিখোঁজ দুই শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করার জন্য পুলিশের বিশেষ অভিযান ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।