ফ্রান্স ২৪
সৌদি আরবের যুবরাজ ও কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানকে দুই দিনের সফরে প্যারিসে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার শুরু হওয়া এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় চুক্তির পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং ইরান সঙ্কট প্রাধান্য পাচ্ছে।
সফরের প্রথম দিনে যৌথভাবে প্যারিসে আয়োজিত ইস্পোর্টস বিশ্বকাপের সমাপন অনুষ্ঠানে উপস্থিত হন দুই নেতা। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ছিলেন। ম্যাক্রোঁ গেমসের শীর্ষ খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এবারই প্রথম সৌদি আরবের বাইরে প্যারিসে অনুষ্ঠিত হলো এই ইস্পোর্টস বিশ্বকাপ। ফরাসি রাষ্ট্রপতির কার্যালয় সূত্রের বরাতে জানা গেছে, আজ সোমবার উভয় দেশের মধ্যে স্বাস্থ্য, পরিবহন ও জ্বালানি খাতে বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে। বিকেলে ম্যাক্রোঁ ও বিন সালমান ‘সৌদি-ফরাসি কৌশলগত অংশীদারত্ব কাউন্সিলে’র উদ্বোধন বৈঠকে নেতৃত্ব দেবেন।
আন্তর্জাতিক সম্মেলন ব্যতিরেকে সৌদি যুবরাজের এই সফর দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের গুরুত্ব ফুটিয়ে তুললেও, দেশের অভ্যন্তরে তা সমালোচনার জন্ম দিয়েছে। খাশোগি হত্যাকাণ্ডের জেরে রোববার ফ্রান্সের তিনটি প্রধান সাংবাদিক সংগঠন- এসএনজে-সিজিটি, সিএফডিটি-জার্নালিস্টস এবং এসজেজে-এফও যৌথ প্রতিবাদ জানিয়েছে। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যার ঘটনায় ফরাসি আদালতে দায়ের হওয়া একটি মামলার তদন্ত এখনো চলমান।



