তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনিজুয়েলাকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

Printed Edition

রয়টার্স

গেল মাসে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে প্রাথমিক তেল বিক্রির পুরো ৫০ কোটি ডলারই যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সরকারকে ফেরত দিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে গত মঙ্গলবার তিনি বলেন, তেল বিক্রির শেষ ২০ কোটি ডলার ভেনিজুয়েলায় পাঠানো হয়েছে। ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর তেল বিক্রি নিয়ে ওই চুক্তি হয়েছিল।

‘ভেনিজুয়েলার প্রথম দিককার তেল বিক্রির পুরো ৫০ কোটি ডলারই আনুষ্ঠানিকভাবে ভেনিজুয়েলা পেয়ে গেছে,’ মার্কিন ওই কর্মকর্তা রয়টাসর্কে এ কথা বলেছেন। এই অর্থ ‘মার্কিন সরকারের চাওয়া অনুযায়ী ভেনিজুয়েলার জনগণের কল্যাণে বিতরণ করা হবে’, বলেছেন তিনি।

দিনকয়েক আগে ক্যাপিটল হিলে দেয়া সাক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনিজুয়েলার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্র স্বল্পমেয়াদে জড়িত থাকতে চায় এবং এই উদ্যোগের লক্ষ্যই হচ্ছে ভেনিজুয়েলাকে স্থিতিশীল রাখা যেন দেশটির সরকারকে সচল থাকে ও জনগণ সহায়তা পায়। ‘মোদ্দা কথা, আমরা ভেনিজুয়েলাকে তাদের নিজেদের তেল ব্যবহারের মাধ্যমে আয় করতে দিলাম, যাতে সেই অর্থ দিয়ে শিক্ষক, দমকলকর্মী ও পুলিশ কর্মকর্তাদের বেতন দেয়া যায় এবং সরকারটি কার্যকরভাবে চলতে পারে, যাতে দেশটি ধসে না পড়ে,’ বলেছিলেন রুবিও। তেল বিক্রির ওই অর্থ রাখা হয়েছিল কাতারে, এর লক্ষ্য ছিল ভেনিজুয়েলা যেন তার ‘দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য স্বল্পমেয়াদি ও অস্থায়ী ওই হিসাব থেকে প্রয়োজনীয় অর্থ পায় তা নিশ্চিত করা’, বলেছেন নাম প্রকাশে রাজি না হওয়া ওই মার্কিন কর্মকর্তা।