বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিমন্ত্রী শরীফুলের শোক

Printed Edition

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহীদ সরকার (২৮) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ সরকার ওই ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি মাটিকাটা গ্রামের রতন মিয়ার ছেলে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে রূহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির আইপিএসের বৈদ্যুতিক ত্রুটি মেরামতের চেষ্টা করছিলেন শহীদ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাটিকাটা মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। শহীদ সরকারের মৃত্যুতে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা শোক প্রকাশ করেছেন। কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।