ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইউএস ওপেনের মেয়েদের এককের সেমিফাইনালে দারুণ দুই ম্যাচে ফাইনালের লাইনআপ নিশ্চিত হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা সরাসরি সেটে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে। আর তিন সেটের লড়াইয়ে কোকো গফকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন এলেনা রিবাকিনা। ফাইনালে আজ দিবাগত রাতে মুখোমুখি হবেন সাবালেঙ্কা ও রিবাকিনা।

প্রথম সেমিফাইনালে পেগুলাকে ৭-৫, ৬-২ গেমে হারান শীর্ষ বাছাই সাবালেঙ্কা। প্রথম সেটের শুরুতে দুই খেলোয়াড়ই নিজেদের সার্ভ ধরে রাখলেও শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন বেলারুশের তারকা। প্রথম সেট ৭-৫ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটে আর কোনো সুযোগ দেননি তিনি। মাত্র ৮০ মিনিটেই ম্যাচ শেষ করেন সাবালেঙ্কা। এই জয়ে টানা চতুর্থবার ইউএস ওপেনের ফাইনালে উঠলেন বেলারুশের এই তারকা। এবার সামনে ইতিহাস গড়ার সুযোগ। ২০২৪ ও ২০২৫ সালের পর এবার শিরোপা জিতলে ইউএস ওপেনে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তি গড়বেন তিনি। ওপেন যুগে এর আগে এই কীর্তি অর্জন করেছেন কেবল ক্রিস এভার্ট ও সেরেনা উইলিয়ামস।

ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ কাজাখস্তানের রিবাকিনা। এই তারকা ৩-৬, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গফকে। ম্যাচের শুরুতে ছিল গফের দাপট। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে এগিয়ে যান তিনি। কিন্তু দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ান রিবাকিনা। শক্তিশালী সার্ভ ও বেসলাইন খেলায় ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন তিনি। শেষ সেটে গফ লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে অনেক বেশি স্থির ছিলেন রিবাকিনা। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে সেট জিতে ক্যারিয়ারে প্রথমবার ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নেন তিনি।