প্রতারণারোধে জাতীয় সঞ্চয় স্কিমের অনলাইন নিরাপত্তা জোরদার হচ্ছে

Printed Edition

বিশেষ সংবাদদাতা

জাতীয় সঞ্চয় স্কিমের অনলাইন নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এ জন্য অর্থ বিভাগের ‘জাতীয় সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর অনুকূলে আইএসও সনদ অর্জনের একটি উদ্যোগ নিয়েছে সরকার। এই সনদ নেয়া হলে এই স্কিমের যেকোনো ধরনের প্রতারণা রোধ করা সম্ভব হবে। তবে এই সনদ অর্জনের জন্য একটি নিরীক্ষারও প্রয়োজন রয়েছে। নিরীক্ষার কাজটি করার জন্য ব্যুরো ভেরিটাস (বিডি) প্রা: লি. নিয়োগ দেয়া হয়েছে।

পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০২৫ এর বিধি-১২৫(ঘ) অনুযায়ী একক উৎসভিত্তিক পদ্ধতি অনুসরণ করে প্রতিষ্ঠানটিকে আইএসও নিরীক্ষা সম্পাদনের কাজটি দেয়া হয়। সম্প্রতি এটি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন করেছেন বলে জানা গেছে।

আরো জানা গেছে, অর্থ বিভাগের ‘স্ট্রেনথেনিং পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামে’ শীর্ষক কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং দ্য ক্যাপাসিটি অব ট্রেজারি অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট উইং অব ফিনান্স ডিভিশন’ শীর্ষক স্কিম থেকে ‘জাতীয় সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর অনুকূলে আইএসও সনদ অর্জনের উদ্যোগ নেয়া হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ অক্টোবর ‘জাতীয় সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট’ সিস্টেমের ওটিপি শেয়ারের মাধ্যমে একটি প্রতারণার ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অর্থ বিভাগ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং কমিটির সুপারিশের আলোকে ‘জাতীয় সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট’ সিস্টেমের নিরাপত্তা জোরদারকরণে আইএসও সার্টিফিকেট গ্রহণের সুপারিশ করা হয়।

জানা গেছে, ‘জাতীয় সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে গ্রাহক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন এবং ক্রয়কৃত সঞ্চয়পত্রের মুনাফা ও নগদায়নের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেয়া হয়। সিস্টেমটির সাথে সরাসরি আর্থিক সংশ্লেষ থাকায় এর নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে একে একটি বিশ্বমানের সফটওয়্যারে পরিণত করা আবশ্যক বলে মনে করছে অর্থ বিভাগ।

এ পরিপ্রেক্ষিতে ‘জাতীয় সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর অনুকূলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও) সনদ অর্জনের উদ্যোগ নেয়া হয়।

তবে, আইএসও সনদ অর্জনের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মাধ্যমে ‘জাতীয় সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর আইএসও অডিট সম্পাদনের প্রয়োজনীয়তা রয়েছে।

বাংলাদেশে আইএসও অডিট সম্পাদনের জন্য স্বনামধন্য দু’টি ফার্ম রয়েছে ব্যুরো ভেরিটাস (বিডি) প্রা: লি: এবং এসজিএস বাংলাদেশ।

এসপিএফএমএস কর্মসূচি থেকে জানা যায় যে, ‘জাতীয় সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর আইএসও অডিট সম্পাদনের বিষয়ে সম্প্রতি ব্যুরো ভেরিটাস এবং এসজিএস বাংলাদেশের প্রতিনিধির সাথে আলোচনা হয়। এর মধ্যে ব্যুরো ভেরিটাসকে অডিটের কাজটি দেয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে আইবাস ++-এর অনুকূলে আইএসও সার্টিফিকেট অর্জনের জন্য ব্যুরো ভেরিটাস (বিডি) প্রা: লি.-এর মাধ্যমে আইএসও অডিট সফলভাবে সম্পাদন করা হয়েছে এবং আইবাস ++ সিস্টেমের সাথে ‘জাতীয় সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ এপিআইয়ের আওতায় তথ্যবিনিময়ের মাধ্যমে কার্যক্রম সম্পাদন করে থাকে।

সূত্র জানায়, জাতীয় সঞ্চয়পত্র স্কিমগুলো অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন হলেও এর লেনদেন কার্যক্রমকে অনলাইনভিত্তিক করার কাজটি অর্থ বিভাগের এসপিএফএমএস কর্মসূচির আওতায় সম্পাদিত হয়েছে এবং ‘জাতীয় সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ নামের একটি সফটওয়্যার উন্নয়ন করা হয়েছে।

বর্তমানে উন্নয়নকৃত এ সফটওয়্যারের মাধ্যমে সব ধরনের সঞ্চয়পত্রের লেনদেন কার্যক্রম অনলাইনে সম্পাদিত হচ্ছে।

এ সিস্টেমের আওতায় আনুমানিক ৫৫ লাখ গ্রাহককে বিভিন্ন ধরনের সেবা দেয়া হচ্ছে এবং এ কার্যক্রমে আর্থিক সংশ্লেষ প্রায় সাড়ে চার লাখ কোটি টাকা।