আফ্রিকার দলটি যে হোটেলে অবস্থান করছে, সেখানে খুদে ভক্তের ছবি তোলার আবদার মেটাতে প্রস্তুত ছিলেন মিসরের ফুটবলার ত্রেজেগ। এতে কর্তব্যরত ডালাস পুলিশ বাধা দেয়। এ ঘটনায় পুলিশের সাথে হট্টগোলে জড়িয়ে পড়েন মিসরের কোচিং স্টাফ। ভিডিওতে দেখা যায়, ছবি তুলতে বাধা দেয়া নিয়ে শুরু হওয়া কথাকাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ ও আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, পুলিশের আচরণে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন মিসরের কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান। পুলিশের বাধায় ক্ষিপ্ত হয়ে তিনি দায়িত্বরত কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে তাকে ধাক্কাও দেয়া হয়। মিসরের প্রধান কোচ হোসাম হাসানও এ ঘটনায় জড়িয়ে পড়েন। তার সাথেও পুলিশ সদস্যদের হাতাহাতি হয়।
ভিডিওফুটেজে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা অত্যন্ত আক্রমণাত্মকভাবে মিসর দলের সদস্যদের দিকে তেড়ে যান। তখন সেই পুলিশের সহকর্মীরাই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরবর্তী সময়ে আশপাশের মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



