শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের শিক্ষক, ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার ৩৩০ জন বিশিষ্ট নাগরিক ‘শ্রম আইনে অসংজ্ঞায়িত ও ইসলামবিরুদ্ধ জেন্ডার পরিভাষা নারীর নিরাপত্তাকেই বিঘিœত করবে’ শিরোনামে গতকাল একটি বিবৃতি প্রদান করেছেন।
মূল্যবোধ আন্দোলনের পাঠানো এ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দেশের সচেতন, দায়িত্বশীল ও মূল্যবোধনিষ্ঠ নাগরিকরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে জারিকৃত ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর মাধ্যমে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ এমনভাবে সংশোধন করা হয়েছে, যেখানে কোনো প্রকার স্পষ্ট সংজ্ঞা প্রদান ছাড়াই ‘জেন্ডার’, ‘জেন্ডার পরিচয়’ বা ‘লিঙ্গ পরিচয়’ এবং ‘জেন্ডার অভিব্যক্তি’- এই এলজিবিটিবান্ধব পরিভাষাগুলো সংযোজন করা হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ‘এই সংশোধিত শ্রম আইনের কারণে একজন জন্মগত পুরুষ নিজেকে নারী দাবি করে কর্মক্ষেত্রে নারীর পোশাক ও সাজসজ্জা গ্রহণ করতে পারবে, নারীদের টয়লেট ব্যবহার করতে পারবে কিংবা নারীদের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করতে পারবে। এ ধরনের আচরণে বাধা দিলে বা আপত্তি জানালে সেটিকে ‘জেন্ডারভিত্তিক সহিংসতা ও হয়রানি’ হিসেবে ব্যাখ্যা করে আইনগত জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এই সংশোধনী নারীর নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।’
৩৩০ জন নাগরিকের বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতি, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ উপেক্ষা করে আইন প্রণয়ন করা হলে তা দীর্ঘমেয়াদে সামাজিক অস্থিরতা ও অবিশ্বাসের জন্ম দিতে পারে। সারা বিশ্বের ওলামায়ে কেরাম ‘ট্রান্সজেন্ডার মতবাদ’কে কুফরী হিসেবে আখ্যায়িত করেছেন। একইভাবে ‘জেন্ডার অভিব্যক্তি’র নামে নারীকে পুরুষের এবং পুরুষকে নারীর বেশভূষা ও সাজসজ্জা গ্রহণের অনুমোদন ইসলামে নিষিদ্ধ, গর্হিত ও অভিশাপের কাজ হিসেবে বিবেচিত।’
দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই- এই অতি সংবেদনশীল বিষয়টি পুনর্বিবেচনা করে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, নারীর নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার প্রতি দায়বদ্ধ থেকে ‘লিঙ্গ’ ও ‘জেন্ডার’ পরিভাষার সুস্পষ্ট ও আইনগত সংজ্ঞা নির্ধারণ করুন এবং অবিলম্বে ‘শ্রম আইন, ২০০৬’ থেকে বিতর্কিত ও অসংজ্ঞায়িত পরিভাষাগুলো অপসারণ বা সংশোধনের উদ্যোগ গ্রহণ করুন।’
বিবৃতি প্রদানকারীদের নামের তালিকা মূল্যবোধ ডট কম (সঁষষড়নড়ফয.পড়স) সাইটে প্রকাশিত হয়েছে। বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন- বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মাদ আবদুল মালেক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ধানমণ্ডির মসজিদ-উত-তাকওয়া সোসাইটির খতিব মুফতি সাইফুল ইসলাম, পল্লবীর মাসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামিমা তাসনীম, মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান ও আইইবির অধ্যাপক ড. মোহাম্মাদ সরোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শামসুন্নাহার মিতুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাহিরা ফারজানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মো: গালিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, ঢাকা নিউমার্কেটের বায়তুল মামুর মসজিদের খতিব মাওলানা হাসান জামিল, জামেয়া মাহমুদিয়া যাত্রাবাড়ির শিক্ষক মুফতি রেজাউল কারীম আবরার প্রমুখ। বিজ্ঞপ্তি।



