নয়া দিগন্ত ডেস্ক
বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিন জনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া মৌলভীবাজারে এক বৃদ্ধের এবং নওগাঁয় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের কচুয়ায় নিজ বসতঘরে মিলল একই পরিবারের তিন লাশ। কয়েক দিন ধরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। গতকাল দুপুরে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে তিনজনের গলিত লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাস রোধ করে তাদের হত্যা করা হতে পারে। নিহতরা হলো আবদার হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২২), রশিদ শেখের মেয়ে মনিরা বেগম (৫৫) ও রশিদ শেখের স্ত্রী রাশিদা বেগম (৯০)।
কচুয়া থানার এসআই মাহমুদ জানায়, লাশগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে। প্রাথমিক তদন্তে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হলেও, হত্যার প্রকৃত কারণ ও কিভাবে ঘটেছে তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কুলাউড়ার পৃথিমপাশায় ৬০ বছরের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বৃদ্ধের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করেছে বলে কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সোমবার রাতের কোন এক সময় পৃথিমপাশা ইউনিয়ন নন্দীরগ্রামের মৃত জহুর আলীর পুত্র করম আলী (৬০) বসত ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেন। সকালে নিহতের পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে কুলাউড়া থানা পুলিশ দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে থানায় সুরহতাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের পরিবারের সদস্যরা বৃদ্ধের আত্মহত্যার কারণ জানাতে পারেননি। কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত আতিকুর রহমান উপজেলার কসব ইউনিয়নের বনকুরা গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে।
পুলিশ ও পারিবারিকসূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকেই আতিকুর রহমানকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে নদীতে আতিকুর রহমানের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব না।



