নয়া দিগন্ত ডেস্ক
এক দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণ, হত্যা ও নির্যাতনের একের পর এক ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ফতুল্লা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বান্দরবানে চারটি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। পাশাপাশি নরসিংদী, ঝালকাঠি, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহ, পিরোজপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামে একাধিক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। নওগাঁয় ৪৫ দিনের শিশুকে বিষ পান করানোর ঘটনাও চাঞ্চল্য ফেলেছে। বেশির ভাগ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং কিছু অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
থানচি
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের থানচিতে রোববার সকালে উপজেলা সদরের নতুনপাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশী বিজয় বড়ুয়া। শনিবার সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে নিজ বাড়িতে নিয়ে এ ঘটনা ঘটায় সে। পরদিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে বিষয়টি জানাজানি হয়। ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং থানা ঘেরাও করে বিক্ষোভ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং প্রকৃত ঘটনা উদঘাটন শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুর
গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুরের পুবাইলে ৯ বছরের শিশু ভাস্তিকে বারবার ধর্ষণ করে মোবাইলে ছবি ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করেছে তার ফুপা সেলিম খান (৪০)। গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত বিভিন্ন সময়ে চিপস ও খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নিজ শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে সে। গত ২৩ মে দুপুরে বাদির বড় মেয়ে ফুপার চালু কম্পিউটারে ছোট বোনের আপত্তিকর ছবি দেখে পরিবারকে জানায়। পরিবার জিজ্ঞাসাবাদ করলে শিশুটি বিষয়টি নিশ্চিত করে। শনিবার রাত সাড়ে ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যে সেলিম খানকে গ্রেফতার করে পুবাইল থানা পুলিশ। পুবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, শিশুটিকে ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা
নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা জানান, ফতুল্লার পশ্চিম তল্লায় একই বাড়ির পাশের কক্ষের ভাড়াটিয়া আনোয়ার (৪৮) পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে। শনিবার সকালে শিশুটির বাবা-মা গার্মেন্টে কাজে গেলে মোবাইলে চার্জ দেয়ার কথা বলে শিশুর কক্ষে প্রবেশ করে একা পেয়ে ঘটনাটি ঘটায় সে। রাতে মা কর্মস্থল থেকে ফিরলে শিশুটি তাকে সব খুলে বলে। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত আনোয়ারকে আটক করা হয়েছে।
সরাইল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সরাইলের তেলিকান্দা উত্তরপাড়া গ্রামে প্রতিবেশী সহিদ মিয়া (৩৫) ৯ বছরের এক শিশুকে চিপসের লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দেয় সে। পরে সহিদ নিজেই শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ পলাতক। সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গ্রেফতারে অভিযান চলছে।
নরসিংদী
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর রায়পুরার মির্জানগর ইউনিয়নে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ‘ভাই ভাই স্টোরে’ ঢুকে স্যানিটারি ও হার্ডওয়্যার ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সিকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরিবার রাত ১০টার পর দোকানে গিয়ে শাটার খুলে রক্তাক্ত লাশ দেখতে পায়। রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ জানান, সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ঝিনাইদহ
ঝিনাইদহ প্রতিনিধি জানান, সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে পারিবারিক বিরোধে চিহ্নিত সন্ত্রাসী শিমুল হোসেন ধারালো দা দিয়ে স্ত্রী সাগরিকা খাতুন বুলবুলিকে (৩২) কুপিয়ে মারাত্মক জখম করে। শনিবার রাতে হাসপাতালে ভর্তির পর রোববার সকালে তিনি মারা যান। নিহতের স্বজনরা জানান, এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রকাশ্যে কুপিয়ে মানুষ জখম করার মামলায় জেল খেটে জামিনে মুক্তি পেয়েই শিমুল এবার নিজের স্ত্রীকে হত্যা করল। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, শিমুলকে গ্রেফতারে অভিযান চলছে।
নলছিটি
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ আমিনুল ইসলাম বাবুর (২৭) কুপিয়ে হত্যা করা লাশ রোববার দুপুরে স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। নলছিটি থানার ওসি (তদন্ত) আরিফুল আলম জানান, শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
লালমনিরহাট
লালমনিরহাট প্রতিনিধি জানান, আদিতমারী উপজেলার বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে রোববার সকালে ঘরের দরজা ভেঙে স্বপ্না বেগমকে (৫০) বিবস্ত্র ও মৃত অবস্থায় পাওয়া যায়। স্বজনরা জানান, খাট ভাঙা ছিল এবং নাক দিয়ে রক্ত বেরিয়েছিল। আদিতমারী থানার ওসি নাজমুল হক জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ফতুল্লা
নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা জানান, ফতুল্লার পঞ্চবটী পৌর টার্মিনালে শনিবার সকালে একই বাড়ির প্রতিবেশী হাতেম (৩০) কাঠের টুকরো দিয়ে ট্রাকচালক সুমনকে (২৮) মাথায় এলোপাতাড়ি আঘাত করে। মাদক সেবনে বাধা দেয়া ও বাড়িওয়ালাকে জানানোই ছিল হত্যার কারণ। ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে দিবাগত রাত ১টার দিকে সুমনের মৃত্যু হয়। টার্মিনালের শ্রমিকরা হাতেমকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
মুক্তাগাছা
ময়মনসিংহ অফিস জানায়, মুক্তাগাছার রসুলপুর বাজারে শনিবার বিকেলে পাওনা তিন হাজার টাকা চাইতে গিয়ে বাগি¦তণ্ডা থেকে হাতাহাতিতে গলা চেপে ধরে কলা ব্যবসায়ী শফিকুল ইসলাম শফুকে (৩৫) হত্যা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বকুল মুন্সি নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বোয়ালখালী
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের বোয়ালখালীতে রোববার ভোরে বিসমিল্লাহ ফেব্রিকস কারখানায় চুরির চেষ্টাকালে ধরা পড়া এক অজ্ঞাতপরিচয় যুবককে (বয়স আনুমানিক ৩২) দড়িতে বেঁধে মারধর করে কারখানার লোকজন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কারখানার এইচআর ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে।
চট্টগ্রাম
চট্টগ্রাম ব্যুরো জানায়, শনিবার রাতে চট্টগ্রামের খুলশীতে ইউএসটিসি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হবিগঞ্জের রিতা আকতারের লাশ উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিনি সেখানকার ছাত্রী বা রোগী কেউই নন। খুলশী থানার ওসি আরিফুর রহমান জানান, ছাদ থেকে পড়েছেন নাকি ফেলে দেয়া হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলের সিসিটিভি না থাকায় তদন্ত জটিল হয়ে পড়েছে।
নওগাঁ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, রোববার সকালে নওগাঁর মান্দায় মাত্র ৪৫ দিনের শিশু আয়েশাকে বিষ পান করানো হয়েছে। মা প্রতিবেশীর বাড়িতে যাওয়ার ফাঁকে ঘটনাটি ঘটে। ফিরে এসে শিশুর মুখে বিষের গন্ধ ও ফেনা দেখে তিনি আর্তচিৎকার শুরু করেন। স্থানীয়রা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মান্দা থানার ওসি খোরশেদ আলম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ফকিরহাট
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে শনিবার সকালে সাত বছরের আবু তালহাকে বালতির পানিতে উপুড় করে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা-মায়ের বিচ্ছেদের পর সে দাদার কাছে থাকত এবং চার দিন আগে বাবা ও সৎমার কাছে বেড়াতে এসেছিল। জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, মৃত্যু অস্বাভাবিক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে এবং সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে।
মঠবাড়িয়া
পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার দুপুরে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। বেলা ২টার দিকে ধানীসাফা ইউনিয়নে ইউসুফ শরীফকে (৩৫) নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিনে টিকিকাটা ইউনিয়নে রেডিমেড কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুমকেও (২৬) হামলা চালিয়ে হত্যা করা হয়। মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। তবে কোনো পরিবার এখনো থানায় মামলা দিতে আসেনি। পরপর দু’টি হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গোলাপগঞ্জ
গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে শনিবার বিকেলে পারিবারিক বিরোধের জেরে লোহার রড দিয়ে স্ত্রী ফাহমিদা আক্তার মোহনাকে (২৬) মাথায় আঘাত করে ঘটনাস্থলেই হত্যা করেছে স্বামী জাহিদুল ইসলাম এমরান। ঘটনার পর থেকে সে পলাতক। পরিবার সূত্রে জানা যায়, জাহিদুল মানসিক রোগী। নিহত মোহনার চার বছরের একটি শিশুসন্তান রয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।



