ডন
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন বাসযাত্রী। গতকাল শুক্রবার বেলুচিস্তানের শেরানি জেলা সীমান্ত পেরিয়ে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্রবেশের মুখে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো আটজন গুরুতর আহত হয়েছেন।
বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনীতিবিষয়ক সহকারী শাহিদ রিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় নিহতের সংখ্যা অন্তত ৪০ এবং আহত হয়েছেন আটজন। এ দিকে দুর্ঘটনার খবর পেয়েই বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়। বর্তমানে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া উভয় প্রদেশের জেলা প্রশাসন, জরুরি উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে দুর্ঘটনাস্থলে কাজ করছে। এই দুর্ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। যাত্রী সংখ্যার বিষয়ে শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, বাসটি মূলত ৩৬ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে যাত্রা শুরু করেছিল। তবে পথিমধ্যে যান্ত্রিক ত্রুটিসংক্রান্ত অন্য একটি বাসের বেশ কিছু যাত্রী এই বাসে এসে ওঠেন। ফলে শুরুতে বাসটিতে ঠিক কতজন আরোহী ছিলেন, তা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়।



