রংপুর ব্যুরো
রংপুরের পীরগাছায় আমেরিকা প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমেরিকা প্রবাসী ফজলে এলাহী রিপন ও ফজলে রাব্বী রাসেলের বাড়িতে সোমবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির পকেট গেটের ওপরের দেয়াল টপকে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। পরে শাবল দিয়ে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
রিপন ও রাসেলের স্ত্রী-সন্তানরা রংপুর নগরীতে বসবাস করেন। সম্প্রতি দুই ভাই যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন এবং আগামী শুক্রবার (২১ আগস্ট) তাদের যুক্তরাষ্ট্রে ফেরার কথা রয়েছে। ঘটনার সময় বাড়িতে কেয়ারটেকার বেদানা বেগম ছাড়া আর কেউ ছিলেন না। বেদানা বেগম জানান, সন্ধ্যার দিকে মেয়েকে রংপুরে পাঠানোর পর তিনি বাড়ির গেটে তালা দিয়ে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, গেটটি ভেতর থেকে ছিটকিনি দেয়া। পরে স্থানীয়দের সহায়তায় গেটের ওপর দিয়ে ভেতরে প্রবেশ করে ঘরের আলমারি ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।
প্রবাসী ফজলে রাব্বী রাসেল বলেন, ‘ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি আলমারি ভেঙে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার গয়না ও অন্যান্য মালামাল নিয়ে গেছে।’ রাসেলের স্ত্রী নিলুফা ইয়াসমিন নিলা বলেন, স্বামী বিভিন্ন সময়ে উপহার দেয়া প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কারও লুট হয়েছে।
রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।



