ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১০

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ভান্নারা এলাকার হোপলোন কারখানা এলাকায় এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে ছাত্রদল নেতা ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে কারখানাটি থেকে ঝুট নেন। মঙ্গলবার তিনি ঝুট বের করতে গেলে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফরহাদ হোসেন দলবলসহ সেখানে গিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ফরহাদসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় ফরহাদ পক্ষের লোকজন হারুন অর রশিদের গাড়িতে ভাঙচুর চালায়। আর গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরহাদ পক্ষের অভিযোগ, হারুন অর রশিদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি জোরপূর্বক ঝুট উত্তোলনের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়।

অন্য দিকে হারুন অর রশিদ বলেন, তিনি নিয়ম মেনে দীর্ঘদিন ধরে ঝুট উত্তোলন করে আসছেন। মঙ্গলবার কারখানা থেকে ঝুট বের করতে গেলে ফরহাদ ও তার লোকজন বাধা দেয় এবং হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয় এবং তার গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।