প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Printed Edition

গত ২২ জুলাই দৈনিক নয়া দিগন্তে ‘সুজন-কাইলা নবীতে অতিষ্ঠ খিলগাঁও রামপুরাবাসী’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজধানীর খিলগাঁওর পূর্ব গোরান এলাকার বাসিন্দা মো: সাদিকুর রহমান সুজন।

এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, তাকে জড়িয়ে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তা ভিত্তিহীন। তার দাবি, স্বার্থান্বেষী মহল ও চিহ্নিত অপরাধীদের বক্তব্যের ওপর ভিত্তি করে তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, প্রতিবেদনে যাদের উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে, প্রকৃতপক্ষে তারাই চিহ্নিত অপরাধী ও চাঁদাবাজ। তিনি দাবি করেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার ওপর সশস্ত্র হামলা চালায় ও গুলিবর্ষণ করে। উক্ত হামলার ঘটনায় সুজন খিলগাঁও থানায় দু’টি পৃথক ফৌজদারি মামলা দায়ের করেছেন।

তিনি আরো উল্লেখ করেন, প্রতিবেদনে উল্লিখিত ইব্রাহিম হকি একজন চিহ্নিত মাদক কারবারি, যার মাদকসহ গ্রেফতারের ভিডিও ও প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই অপরাধী চক্র নিজেদের অপরাধ ঢাকতে এবং চলমান মামলার বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

নিরাপত্তার স্বার্থে সুজন ইতোপূর্বে খিলগাঁও থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।