ফেনী অফিস
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমিকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি ও উন্নয়নের ভিত্তি শ্রমিকশ্রেণি, তাই তাদের অধিকার নিশ্চিত করতে হবে। গতকাল শুক্রবার ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যদের নিয়ে আয়োজিত এক শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, দেশে সাত কোটির বেশি শ্রমিক রয়েছে এবং দেশের ভোটারের প্রায় ৬০ শতাংশই শ্রমজীবী মানুষ। তাদের যথাযথভাবে সংগঠিত ও আদর্শিকভাবে সম্পৃক্ত করা না গেলে কোনো আন্দোলন বা পরিকল্পনা সফল হবে না। তিনি আরো বলেন, শ্রমিকরা দীর্ঘ দিন শোষণ ও বঞ্চনার শিকার হওয়ায় তাদের মানসিকতায় পরিবর্তন এসেছে। এই পরিবর্তন যত বাড়বে, ততই ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার পথ সুগম হবে।
তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করলেও প্রকৃত দরিদ্ররা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
‘কারা এসব কার্ড পাচ্ছেন, তা সবাই দেখছে,’ বলেন তিনি। সমাজতন্ত্র শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী শ্রমনীতিই তাদের প্রকৃত মুক্তির পথ দেখাতে পারে।
ফেডারেশনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফারুক আহমাদ ভূঞা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঞা, সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি লুৎফুর রহমান এবং জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান।
এ ছাড়া জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ-সহ অন্যান্য নেতারাও বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি আবদুল মতিন ভূঞা।
আতিকুর রহমান শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজিমুক্ত থেকে শ্রমিকদের ঐক্যবদ্ধ রাখতে হবে এবং সব ক্ষেত্রে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন, মানুষের প্রত্যাশা পূরণে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে, নতুবা জনসমর্থন ধরে রাখা কঠিন হবে।



