চট্টগ্রাম ব্যুরো
সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় মিয়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জালসহ ছয় চোরাচালানকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় গত শনিবার রাত ১১টায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি বোটকে থামার সঙ্কেত দেয়া হলে বোটটি সঙ্কেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশী কারেন্ট জালসহ ছয়জন চোরাচালানকারীকে আটক করা হয়।
জব্দকৃত জাল চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাচালানকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



