রয়টার্স
মিয়ানমারের দ্বিতীয় ব্যস্ততম মান্দালয়ের ‘তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দর’ লক্ষ্য করে ছয়টি ‘সুইসাইড ড্রোন’ হামলা চালিয়েছে জান্তাবিরোধী বিদ্রোহীরা। বৃহস্পতিবার বিকেলের এই হামলার পর বিমানবন্দরটির সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শুক্র ও শনিবারের (১১ ও ১২ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
মিয়ানমারের গণতন্ত্রপন্থি সশস্ত্র রাজনৈতিক দল ‘পিপলস ডিফেন্স ফোর্স’ (পিডিএফ) ছয়টি ফার্স্ট-পারসন-ভিউ সুইসাইড ড্রোন দিয়ে এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানবন্দরে থাকা মিয়ানমার সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমানকে লক্ষ্য করে ড্রোনগুলো নিক্ষেপ করা হয়েছিল।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল’-এর ব্যাংকক দপ্তর রয়টার্সকে নিশ্চিত করেছে, তাড়া-উ বিমানবন্দর বন্ধ থাকায় আগামী দুই দিনের ফ্লাইট সূচি বাতিল করা হয়েছে। হামলায় বিমানবন্দরের রানওয়ে বা যানবাহনের কোনো ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জান্তা সরকার।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে নির্বাচনে সাবেক সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেও দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরেনি।



