ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের উন্মাদনা পেরিয়ে আবার জমে উঠতে যাচ্ছে ক্লাব ফুটবলের লড়াই। স্পেনের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর লা-লিগার ২০২৬-২৭ মৌসুম আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে। ২০ দলের এই প্রতিযোগিতায় ৩৮টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। তবে এবারের শুরুটা অন্যরকম। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দীর্ঘ সময় খেলা তারকাদের বিশ্রামের কারণে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো দুই জায়ান্ট প্রথম রাউন্ডেই মাঠে নামছে না। ফলে শুরুর ম্যাচগুলোতে অন্য দলগুলোর জন্য আলো ছড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
বার্সেলোনার সামনে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য। অন্য দিকে হোসে মরিনহোর অধীনে নতুন করে পথচলা রিয়াল মাদ্রিদ চাইবে আধিপত্য ফিরিয়ে আনতে। অ্যাথলেটিকো মাদ্রিদও থাকবে শিরোপার দৌড়ে। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে গেতাফেকে আতিথেয়তা দেবে আলাভেজ। ম্যাচটি শুরু হবে আজ রাত ১১.৩০ মিনিটে। তবে মাঠে ছত্রাকের প্রাদুর্ভাবের কারণে ওসাসুনার বিপক্ষে লা-লিগার উদ্বোধনী ম্যাচটি স্থগিত করেছে সেল্টা ভিগো। লা-লিগা জানিয়েছে, রোববারের ম্যাচটি স্থগিত করতে উভয় ক্লাব এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন সম্মত হয়েছে। তবে সেই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে টানাপড়েন।
ওসাসুনা পরে একটি বিবৃতি প্রকাশ করে জানায়, তারা ম্যাচের জন্য নির্ধারিত নতুন তারিখ (২৭ অগাস্ট) নিয়ে একমত নয়। কারণ এটি তাদের স্বার্থের পরিপন্থী এবং ‘উভয় ক্লাবের মধ্যে পূর্বের একটি সমঝোতা চুক্তির’ বরখেলাপ। ওসাসুনা জানিয়েছে, উভয় ক্লাবই আগামী ২৪ বা ২৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিরতির সময় খেলতে সম্মত হয়েছিল। যা কোনো দলের সময়সূচির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না এবং মৌসুমের শুরুতে ফুটবলারদের চনমনে হয়ে ওঠার সুযোগ দেবে। তবে লা-লিগা কর্তৃপক্ষ তাদের ওপর ম্যাচের নতুন তারিখ জোর করে চাপিয়ে দিয়েছে।
‘ছত্রাকের কারণে মাঠের খারাপ অবস্থার জন্য স্বাগতিক ক্লাবের প্রচেষ্টা সত্ত্বেও নির্ধারিত তারিখে খেলা অসম্ভব ছিল- এই পরিস্থিতি ওসাসুনা বুঝতে পারছে। তবে লা-লিগা বা আরএফইএফ (রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন) কেউই ক্লাবগুলোর অনুরোধ গ্রহণ করেনি এবং একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ম্যাচটি ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে।
ম্যাচের মাত্র তিন দিন আগে খেলাটি স্থগিত করার জন্যও লিগ এবং ফেডারেশনের সমালোচনা করেছে ওসাসুনা। তাদের মতে, এই সিদ্ধান্তটি ‘দূরদর্শিতা এবং গুরুত্বের অভাবের কারণে শেষ মুহূর্তের সূচিতে পরিবর্তনের একটি সাধারণ ধারারই অংশ হয়ে উঠেছে। একতরফা নতুন তারিখটি একদমই অগ্রহণযোগ্য ও অসম্মানজনক।’ কড়া প্রতিক্রিয়ায় তারা বলেছে, ‘এটা ফুটবল নয়- এটা লা-লিগা।’


