রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চলতি মাসে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার অভিযোগে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এ সমস্যার দ্রুত সমাধানের দাবিতে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) এক সপ্তাহের আলটিমেটাম দেয়া হয়েছে। বামনী ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার মঞ্জুল কবিরের নেতৃত্বে ক্ষুব্ধ গ্রাহকরা এ দাবি জানান।
গতকাল রোববার শতাধিক ভুক্তভোগী গ্রাহককে সাথে নিয়ে রায়পুর জোনাল কার্যালয়ে যান মঞ্জুল কবির। ডিজিএম মোশাররফ হোসেনের সাথে সাক্ষাৎ করে তারা ভুতুড়ে বিল পুনঃযাচাই ও সংশোধনের দাবি জানান। গ্রাহকদের অভিযোগ, বিগত মাসে যার বিল এসেছিল ১০৫ টাকা, চলতি মাসে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৬০০ টাকায়। আবার জুন মাসে ১৩০ ইউনিট ব্যবহার করা অনেক গ্রাহকের জুলাই মাসের বিলে ৬০০ থেকে ৬৫০ ইউনিট পর্যন্ত দেখানো হয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্তে এমন শত শত ভুক্তভোগী রয়েছেন।
মাস্টার মঞ্জুল কবির বলেন, গণহারে কাল্পনিক বিল দিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে। এক সপ্তাহের মধ্যে সংশোধন করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। রায়পুর জোনাল কার্যালয়ের ডিজিএম মোশাররফ হোসেন জানান, গ্রাহকদের লিখিত ও মৌখিক অভিযোগগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধান করা হবে।



