কঙ্গোতে ভয়াবহ ইবোলার প্রাদুর্ভাব প্রাণহানি ২৩২৫ ছাড়াল

Printed Edition

আলজাজিরা

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের সংক্রমণ নজিরবিহীন ও ভয়াবহ রূপ ধারণ করেছে। চলমান এই প্রাদুর্ভাবে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৫ জনে। এর মধ্য দিয়ে ২০১৮ থেকে ২০২০ সালের প্রাদুর্ভাবের প্রাণহানিকে পেছনে ফেলে এটি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ইবোলা মহামারীতে রূপ নিলো।

কঙ্গোর জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার পর্যন্ত দেশটিতে ইবোলায় আক্রান্তের নিশ্চিত সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৫ জনে। কেবল এক দিনেই নতুন করে আরো ১০১ জনের শরীরে এই মারাত্মক ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন জাতিসঙ্ঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার। গত শুক্রবার এক বিবৃতিতে জানান, এটি এ যাবৎকালের নথিভুক্ত দ্রুততম গতিতে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব। কঙ্গোর ইতিহাসে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব হলেও, আক্রান্তের সংখ্যার দিক থেকে গত জুলাইয়ের শেষ দিকেই এটি আগের সব রেকর্ড ভেঙে ফেলে। সরকারি হিসাব মতে, এবার মৃত্যুর দিক থেকেও অতীতের সব ট্র্যাজেডিকে ছাপিয়ে গেছে দেশটি।