হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে মিলনমেলা

Printed Edition

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের হোসেনপুরে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব। স্থানীয় পুরোহীতের ভাষ্যমতে, এবার ওই স্নানোৎসবের মহাষ্টমী তিথির লগ্ন শুরু হয় গত বুধবার বিকেল ৫টা ১৭ মিনিটে এবং শেষ হয় গতকাল বৃহস্পতিবার বেলা ২টা ৫৯ মিনিটে। হোসেনপুর উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খুরশিদ মহল সেতুসংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় ওই অষ্টমী স্নানোৎসব। এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, কাচারি বাজার, উপজেলা পরিষদ মাঠ, রামপুর বাজার, কুলেশ্বরী বাড়ি দেবালয়সহ বিভিন্ন স্থানে দিনব্যাপী মেলা উৎসব অনুষ্ঠিত হয়। অষ্টমী স্নানোৎসব উপলক্ষে হোসেনপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব ও স্থানীয় হিন্দু মহাজোটের সভাপতি ডা: সঞ্জিত চন্দ্র শীল জানান, এ বছর হিন্দু ধর্মাবলম্বীদের স্নানোৎসবে বরাবরের মতো এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে স্বাধীনতা দিবসের আমেজ নিয়ে নির্বিঘেœ পালন করতে পেরে সবাই খুব খুশি।